রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কা, ইউপি সদস্য নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. তহুরুল ইসলাম (৫৫) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খড়গপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তহুরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং শ্যামপুর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খড়গপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তহুরুল ইসলামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


