‘আমি বৃদ্ধ মানুষ, প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখলের চক্রান্ত চলছে’

মাদারীপুরের কালকিনিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
থানায় জিডি ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের বৃদ্ধ আবদুল মান্নান ব্যাপারীর (৭৯) সঙ্গে একই এলাকার প্রভাবশালী আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেনের দীর্ঘদিন ধরে বসতবাড়ির পাশের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে আরিফুল ইসলাম বাবু তার বোন নাদিরা সুলতানাকে বাদী করে মাদারীপুর আদালতে একে একে তিনটি মামলা দায়ের করেন। এসব মামলায় আসামি করা হয়েছে বৃদ্ধ আবদুল মান্নান ব্যাপারী, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী ব্যাপারী, লুৎফর ব্যাপারী, শামীম ব্যাপারী, শাহজালাল ব্যাপারী ও সাইফুল ইসলামকে।
ভুক্তভোগীদের অভিযোগ, মামলায় জড়ানোর পর আরিফুল ইসলাম ও নাদিরা সুলতানা মিলে প্রকাশ্যে বিভিন্ন সময় আবদুল মান্নান ব্যাপারী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরে নিরুপায় হয়ে আবদুল মান্নান ব্যাপারী কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী আবদুল মান্নান ব্যাপারী বলেন, আরিফুল ইসলাম বাবু, তার বোন নাদিরা সুলতানা ও ভাই সাজ্জাদ হোসেন পেশিশক্তি ব্যবহার করে আমার জমি দখল করতে চান। আমি বৃদ্ধ মানুষ, তাই আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ভিটেমাটি থেকে বিতাড়িত করার চক্রান্ত চলছে। মিথ্যা মামলায় জড়িয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



