গণভোটের রায় বাস্তবায়নের সকল প্রস্তুতি শেষ হয়েছে: এমপি খোকন

গণভোটকে ইস্যু করে জামায়াতে ইসলামী রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, গণভোটে দেওয়া জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।’
বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, গণভোটে জনগণের দেওয়া রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এ জন্য আইন সংশোধনসহ প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন তা বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র।
তিনি আরও বলেন, গণভোটের বিষয়টি পুঁজি করে জামায়াত যে অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হবে। এ বিষয়ে জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করেন। তার ওই বক্তব্যের জবাবে সংসদ সদস্য খোকন তালুকদার এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং যুবদল নেতা মামুন শিকদার। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



