logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

আট বছর পর ভোট উৎসব চা বাগানে, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আট বছর পর ভোট উৎসব চা বাগানে, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
হবিগঞ্জের একটি চা বাগানে শ্রমিকদের মাঝে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ। ছবি : এশিয়া পোস্ট

সবুজে ঘেরা চা বাগানগুলোতে এখন চিরচেনা কর্মব্যস্ততার পাশাপাশি বইছে নির্বাচনি হাওয়া। দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

পোস্টার, লিফলেট ও গণসংযোগে এক বাগান থেকে অন্য বাগানে ছুটছেন তারা। কোথাও চলছে মিছিল, কোথাও আবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় রয়েছেন চা শ্রমিকেরা।

Advertisement

নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রতি তিন বছর পরপর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৮ সালের পর আর কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ আট বছর পর এবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রমিকরা। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব নির্বাচিত হলে দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকারহীনতা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

চা শ্রমিক নিতেশ সাঁওতাল বলেন, দীর্ঘ আট বছর পর নির্বাচন হচ্ছে। নির্বাচন না হওয়ায় শ্রমিকরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অবশেষে নির্বাচন হওয়ায় তাদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নির্বাচনের মাধ্যমে আসা নতুন নেতৃত্ব দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে কাজ করবে। পাশাপাশি শ্রমিকদের মৌলিক অধিকার আদায়েও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

চা শ্রমিক রব্বান উরাং বলেন, পাঁচ সদস্যের পরিবারে তিনি একাই উপার্জন করেন। সংসারের খরচ, সন্তানদের ভরণপোষণ ও চিকিৎসাসহ সবকিছুই তার আয়ের ওপর নির্ভরশীল। এই আয় দিয়ে সংসার চালাতে তাকে অনেক কষ্ট করতে হয়। তাই মজুরি বৃদ্ধিসহ শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং অধিকার আদায়ে কাজ করবেন এমন প্রার্থীকেই তিনি ভোট দেবেন।

আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে। দেশের ২৩০টি চা বাগানের সাতটি ভ্যালিতে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়, ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় শতাধিক প্রার্থী। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ৪৯ জন শ্রমিক ভোটার। হবিগঞ্জের চার উপজেলার ২৩টি চা বাগানের ২১ হাজার ২১৮ জন ভোটারও এ নির্বাচনে তাদের প্রতিনিধি বেছে নেবেন। হবিগঞ্জ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে একজনসহ ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি। মজুরি বৃদ্ধি, নিয়মিত বেতন পরিশোধ, ভূমির অধিকার, আবাসন, শিক্ষা, চিকিৎসা ও কর্মপরিবেশের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নৃপেন পাল বলেন, ২০২২ সালের আন্দোলনসহ চা শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে তিনি শ্রমিকদের পাশে ছিলেন। দীর্ঘদিন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এবার নির্বাচিত হলে চা শ্রমিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায্য মজুরি আদায়েও শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পঞ্চায়েত সভাপতি পদপ্রার্থী সাধন সাঁওতাল বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। অসহায় শ্রমিকদের সহযোগিতাও করেছেন। এবারের নির্বাচনে শ্রমিকরা তাকে আবার পঞ্চায়েত সভাপতি নির্বাচিত করলে আজীবন তাদের কল্যাণে কাজ করে যাবেন।

ভ্যালি সেক্রেটারি পদপ্রার্থী মহেশ্বর উরাং বলেন, দীর্ঘ আট বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসবে এবং শ্রমিকদের অধিকার আদায়ের পথ আরও সুগম হবে বলে তিনি আশা করেন। শ্রমিকরা তাকে নির্বাচিত করলে তাদের দাবি আদায়ে সোচ্চার থাকবেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে হবিগঞ্জের বিভিন্ন চা বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাকির হোসেন। ভোটার তালিকা চূড়ান্ত করার পাশাপাশি ভোট গ্রহণের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনের সদস্য আজাদ রহমান জানান, নির্বাচনের ভোটার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আগামী ২৮ নভেম্বর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নতুন নেতৃত্ব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, হবিগঞ্জের চুনারুঘাটসহ আরও তিনটি উপজেলার চা বাগানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব বাগানের অধিকাংশই সীমান্তসংলগ্ন হওয়ায় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শুধু নির্বাচন সম্পন্ন হলেই চা শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে না। নির্বাচিত নেতৃত্ব কতটা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের দাবি তুলে ধরতে পারবে, বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে কতটা গুরুত্ব দেবে, সেটিই হবে নতুন নেতৃত্বের বড় পরীক্ষা।

চা শ্রমিকদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব মজুরি বৃদ্ধি, নিয়মিত পারিশ্রমিক, উন্নত কর্মপরিবেশ, শিক্ষা ও চিকিৎসা সুবিধা এবং শ্রমিক পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে। পাশাপাশি বাগান পর্যায়ে বিরোধ নিরসন, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এবং শ্রমিকদের মতামতের যথাযথ মূল্যায়ন করবে।

দীর্ঘ আট বছরের অপেক্ষার পর ২৮ নভেম্বরের নির্বাচন তাই চা শ্রমিকদের কাছে কেবল নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং অধিকার আদায়ের আন্দোলনে নতুন আশার সঞ্চার। এখন দেখার বিষয়, নির্বাচনের মধ্য দিয়ে আসা নতুন নেতৃত্ব শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট