logo
Advertisement

পণ্যের মেয়াদ ও মূল্যতালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের মেয়াদ ও মূল্যতালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে একটি ফল দোকানে মূল্যতালিকা ও পণ্যের মান তদারকি করছেন সহকারী পরিচালক। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে ‘তালুকদার ফুডস বেকারি’তে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া এসব পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।

অন্যদের মধ্যে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘রাম কৃষ্ণ ভান্ডার’-এর মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা এবং ‘মাহিয়া ফাতিহা ফল স্টোর’-এর মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং সিরাজদিখান থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।