Advertisement

নৈশপ্রহরীদের বেঁধে দোকানে ডাকাতি, ২১ লাখ টাকার মালামাল লুট

এশিয়া পোস্ট নিউজ, রাজবাড়ী
নৈশপ্রহরীদের বেঁধে দোকানে ডাকাতি, ২১ লাখ টাকার মালামাল লুট
রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে ডাকাতি। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় নৈশপ্রহরীদের মুখ ও হাত-পা বেঁধে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ৮-১০ জনের একটি ডাকাত দল চারটি দোকানের তালা কেটে স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকাসহ প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

Advertisement

রোববার (১৬ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মুখাবৃত ৮-১০ জনের একদল ডাকাত শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। এ সময় তারা দায়িত্বে থাকা নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মার্কেট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি মাঠে ফেলে রেখে চার দোকানে লুটপাট চালায়। বাজারের অপর নৈশপ্রহরী অন্য অংশে থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি।

লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্যারান্টি জুয়েলার্সের মালিক শ্যামল কুমার মজুমদার জানান, তার দোকান থেকে দেড় ভরি স্বর্ণ, ৬৫ ভরি রুপা ও ৭০টি নাকফুলসহ প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট হয়েছে। সুস্মিতা জুয়েলার্সের মালিক পংকজ বিশ্বাস জানান, তার ৮ আনা স্বর্ণ, ২৯ ভরি রুপা ও ২০টি নাকফুলসহ ২ লাখ ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, দোকান থেকে দেড় ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপাসহ মোট ১১ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। ভোরে খবর পেয়ে এসে দেখি দোকানের সর্বস্ব লুট হয়ে গেছে।

এ ছাড়া রাহুল ফার্মেসির ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। ব্যবসায়ীদের দেওয়া হিসাব অনুযায়ী, চার দোকান থেকে সর্বমোট ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তদন্ত চলছে।

বিষয় :