logo

স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্রীর

স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্রীর
নিহত তাসফিয়া ফারিহা। ছবি: পরিবারের কাছ থেকে নেওয়া

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ বাহন লটাহাম্বারের (শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় পরিবহন) ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত তাসফিয়া ফারিহা একই উপজেলার ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত সম্রাট হোসেন একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে প্রতিদিনের মতো সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল ফারিহা। এ সময় কালা গ্রামের মসজিদের কাছে পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি লটাহাম্বার তাদের সাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ফারিহা। গুরুতর আহত হন সাইকেলচালক সম্রাট। তার একটি হাত ভেঙে গেছে। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান জানান, লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশের একটি টিম।