খুলনায় মসজিদের বারান্দা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার
এশিয়া পোস্ট নিউজ, খুলনা

খুলনার হরিনটানা উপজেলায় একটি মসজিদের বারান্দায় ডালিম গাজী নামে দিনমজুরের গলাকাটা মরদেহ পাওয়া গেছে।
রোববার (২৪ মে) ফজরের নামাজের সময় উপজেলার কৈয়া বাজার জয়খালী ব্রিজসংলগ্ন মসজিদের বারান্দা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডালিম গাজী খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে।
পুলিশ জানায়, বাইতুল মামুর জামে মসজিদের বারান্দায় ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা গলাকাটা মরদেহটি দেখেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পাশে রক্তাক্ত ইট পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আলামত সংগ্রহ করছেন।
হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, মুসল্লিরা নামাজে এসে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
