জামালপুরে ঝড়বৃষ্টিতে ফসলের ক্ষতি, ভেঙেছে বিদ্যুতের খুঁটি

জামালপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ ভারী বৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি সড়কের গাছপালা ভেঙে পড়ে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় মাদারগঞ্জ, মেলান্দহ ও ইসলামপুর উপজেলার ওপর দিয়ে তীব্র বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।
ঝড়ের কারণে সড়কের পাশের বেশ কয়েকটি গাছ ও ডালপালা ভেঙে পড়ে। এতে বিভিন্ন এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।
কৃষকরা জানান, আকস্মিক ঝড় ও বৃষ্টিতে মাঠে থাকা বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও কৃষিশ্রমিকরা।
এদিকে মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে মনির নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের জাহানারা উচ্চবিদ্যালয়ের ছাত্র। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. সাহিদুল ইসলাম বলেন, মাদারগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। সেগুলো মেরামতে কাজ চলছে। অনেক জায়গায় বিদ্যুতের তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। খুঁটি মেরামতে কোথাও কোথাও এক দিন পর্যন্ত সময় লাগতে পারে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, এখন পর্যন্ত কেউ ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে ক্ষতিগ্রস্ত কেউ প্রমাণসহ আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
