logo

দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেপ্তার ৮

দোকানের শাটার কেটে ৯৪ ফোন চুরি, বাসে পালানোর সময় গ্রেপ্তার ৮
গ্রেপ্তার আট আসামি। ছবি : পুলিশের সৌজন্যে

বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন চুরির পর বাসে করে ঢাকায় পালানোর সময় আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলামিন (৩০), পাঠানপাড়া গ্রামের আজিজুল রহমানের ছেলে ইসরাফিল রহমান (২৭), বাকলিয়া থানার সিএমপি বাকলিয়া গ্রামের হবু মিয়ার ছেলে আক্কাস আলী (৩৫), পতেঙ্গা থানার ইসমাইল ফয়েজ রোডের ইব্রাহিমের ছেলে রিদয় (৩৪), নরসিংদীর রায়পুর থানার চর মদিনানগর গ্রামের হারুন মিয়ার ছেলে ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চকবাস মোল্লাবাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনা থানার নওয়াতপুর গ্রামের খালেকের ছেলে রবিউল (৩৩) এবং একই জেলার মুরাদনগর থানার কামাল্লা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলাউদ্দিন (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে একদল চোর ধুনট উপজেলা শহরের ইছামতি কমপ্লেক্সে অবস্থিত মাসুদ টেলিকমের শাটার কেটে দোকানে প্রবেশ করে। পরে সেখান থেকে ৯৪টি মোবাইল ফোন চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে শেরপুর শহরের দিকে যায়। পরে শেরপুর থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ যৌথভাবে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায়।

সেখানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।