logo

বর পছন্দ হয়নি কনের, বিয়ে ভাঙতে বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ

বর পছন্দ হয়নি কনের, বিয়ে ভাঙতে বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ
মাথায় পাগড়ী পরা বর তাওফিকুর রহমান, সঙ্গে বরযাত্রী। ছবি : এশিয়া পোস্ট

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের ভিড়। বিয়ে পড়াতে কাজীও উপস্থিত। চলছিল খাওয়া-দাওয়া। এমন সময় বরের জন্য বিশেষভাবে মিষ্টি নিয়ে আসেন বোরকা পরা এক তরুণী। বলে দেন, এই মিষ্টি শুধু বরই খাবেন, অন্য কেউ নয়। মিষ্টি মুখে তুলতেই বিষের গন্ধ পান বর। বিষয়টি জানাতেই পরীক্ষা করে মিষ্টিতে কীটনাশক থাকার সন্দেহ করেন স্বজনরা। এসময় ওই তরুণীর হাতে কীটনাশকের বোতলও দেখতে পান তারা। মুহূর্তেই বিয়েবাড়িতে শুরু হয় হইচই। শেষ পর্যন্ত বিয়ে না করেই বরকে নিয়ে বাড়ি ফিরে যান স্বজনরা।

স্থানীয় লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে মিষ্টি নিয়ে আসা মেয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। আর কনে সাদিয়া আক্তার (২০) বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমান বলেন, বিকেল তিনটার দিকে তারা বরসহ কনের বাড়িতে পৌঁছান। তখন বিয়ে পড়ানোর জন্য কাজীও উপস্থিত ছিলেন। বরের সঙ্গে আসা লোকজন খাওয়াদাওয়া করছিলেন। এ সময় তিনি বরের পাশে বসা ছিলেন। এর মধ্যে বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এই মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ খেতে পারবেন না।

বজলুর রহমান বলেন, বর তাওফিকুর রহমান মিষ্টি মুখে দেওয়ার সময় বিষের গন্ধ পান। বিষয়টি তাদের জানালে তারা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করেন। ওই তরুণীর হাতে কীটনাশকের বোতলও দেখেছেন তারা। কৃষিকাজে কীটনাশক ব্যবহার করায় বোতলটি তাঁদের পরিচিত মনে হয়েছে। মিষ্টি রেখে তরুণীটি দ্রুত চলে যান। পরে কনের পক্ষের লোকজনকে বিষয়টি জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও তাকে চেনেন না বলে জানান।

তিনি আরও বলেন, এমন ঘটনায় তারা সবাই ভয় পেয়ে যান এবং মানসিকভাবে ভেঙে পড়েন। পরে দ্রুত বরকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যার পর বাড়ি ফিরে যান। এ ঘটনায় বিয়ে আর হয়নি। আপাতত বিয়ে বন্ধ রয়েছে। দুই পরিবারের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

একই ধরনের কথা জানিয়েছেন বরের ফুফাতো ভাই সাগর মিয়া।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, বিকেল চারটার দিকে তাওফিকুর রহমান নামের এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনেরা জানান, বিয়ের আসরে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টি খাননি। ফলে তার শরীরে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। তবে তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বসন্তিয়া গ্রামের ওলামের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। বিকেলে বরসহ বরযাত্রীরা আসেন। পরে বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বরের মিষ্টিতে বিষ দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় এক গ্রাম পুলিশ তাঁকে ফোন করে জানিয়েছেন, বর পছন্দ না হওয়ায় কনে এক মেয়েকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়। তবে ঘটনাটি সত্য কি না, তা তিনি নিশ্চিত নন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তিনি জানেন না। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।