logo

নেত্রকোনায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল লাকড়ির দোকানও

নেত্রকোনায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল লাকড়ির দোকানও
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ছবি : ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনার বারহাট্টায় গভীর রাতে বন্ধ থাকা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দলীয় কার্যালয়ের পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে গেছে। একই রাতে উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Advertisement

আগুনে কার্যালয় ও পাশের লাকড়ির দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের তিনটি পিলার ও মেঝেতে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়।

এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই যুবককে প্ল্যাটফর্মে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, দুটি ঘটনাই তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে আগুন দেওয়ার ঘটনায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।