বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া পুলিশ লাইন্সের একটি কক্ষ থেকে আরিফুল ইসলাম (৪০) নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে পুলিশ লাইন্সের বেতার শাখার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্সের বেতার শাখায় কর্মরত ছিলেন।
বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্য, বেতার শাখার দোতলার একটি কক্ষে সহকর্মীদের সঙ্গে থাকতেন আরিফুল। বৃহস্পতিবার রাত ১টার দিকে তাকে কক্ষে দেখা যায়। শুক্রবার সকালে তাকে না পেয়ে সহকর্মীরা ধারণা করেন, তিনি নিচতলায় দায়িত্ব পালন করছেন।
পরে সকাল ১০টার পরও তার খোঁজ না মেলায় পাশের একটি ওয়ার্কশপ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান সহকর্মীরা। জানালা দিয়ে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, আরিফুল ইসলামের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। পরিবারের সঙ্গে কথা বলে কোনো পারিবারিক বিরোধের তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণসংক্রান্ত চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।



