logo

মন্ত্রীর ছবি দিয়ে ফেসবুকে পোস্ট, পাথর ব্যবসায়ী আটক

মন্ত্রীর ছবি দিয়ে ফেসবুকে পোস্ট, পাথর ব্যবসায়ী আটক
বাঁ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পাথর ব্যবসায়ী জুবায়ের আহমদ। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

সিলেটের কোম্পানীগঞ্জে পাথরমহাল খোলার বিষয়ে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার দুদিন পর পাথর ব্যবসায়ী জুবায়ের আহমদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা বিএনপির দুই নেতার মাধ্যমে তিনি থানায় যান। তবে তাকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে আত্মসমর্পণ বলে দাবি করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের জুবায়ের আহমদ পেশায় একজন পাথর ব্যবসায়ী। শনিবার ফেসবুকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি দিয়ে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, ‘১২ তারিখ নির্বাচনের পর ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদর আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।’

ফেসবুকের এই পোস্টের জন্য মঙ্গলবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল তাকে থানায় ডেকে নিয়ে পুলিশের কাছে তুলে দেন। এরপর পুলিশ তাকে আটক করে।

এদিকে, আটকের পর জুবায়েরের ফেসবুক পোস্টটিও আর পাওয়া যাচ্ছে না। তাকে ধরিয়ে দেওয়া বিএনপির দুই নেতা ‘বিষয়টি পুলিশ দেখছে’ জানিয়ে এ নিয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি বলেন, জুবায়ের আহমদ নামে একজনকে আটক করা হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে আটক করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর তাকে আত্মসমর্পণ করাতে থানায় নিয়ে এসেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, তাকে আটকের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।