জমি নিয়ে সংঘর্ষে সার ব্যবসায়ী নিহত

জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ ভেঙ্গুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান দক্ষিণ ভেঙ্গুড়া এলাকার হাজী কাজিমদ্দীন সরকারের ছেলে। তিনি ধর্মকুড়া বাজারে সার ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে একই বংশের কয়েকটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় হুমকি-ধমকির ঘটনাও ঘটে। গত ১ সেপ্টেম্বর বিরোধের জেরে আতাউর রহমানের বাড়িঘর ভেঙে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার সকালে আতাউর রহমানের বাড়িঘর মেরামতের কাজ চলার সময় প্রতিপক্ষের হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, এরশাদ, মিজান ও জিয়াসহ কয়েকজনের সঙ্গে তার পক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আতাউর রহমান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আতাউর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
-5a158f.jpg)