টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২
-5a158f-720x405.webp)
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার কেফায়েত উল্লাহর ছেলে এনায়েত উল্লাহ (২৪) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকার সজীব আলী (২৫)। এনায়েত উল্লাহ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির চালক ছিলেন। সজীব আলী পেশায় ফেরিওয়ালা ছিলেন।
আহত ব্যক্তিদের মধ্যে হেলাল উদ্দিন, রুজিনা আক্তার ও আনোয়ারা বেগম রয়েছেন। তারা সবাই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা। আহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
-4b424f.jpg)
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কেরুনতলী এলাকায় হোয়াইক্যং স্টেশনগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক এনায়েত উল্লাহর মৃত্যু হয়। গুরুতর আহত চার যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত অটোরিকশাচালকের মরদেহ উখিয়ার পালংখালী স্টেশন এলাকার একটি হাসপাতালে রাখা হয়েছে। অপর নিহত ব্যক্তির মরদেহ রয়েছে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে।
