logo

মাদকবিরোধী অভিযানে এমপি

মাদকবিরোধী অভিযানে এমপি
সংসদ সদস্য মাওলানা আবু তালিব। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

শুক্রবার (১৩ জুন) রাতে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিয়ার রহমান প্রমুখ।

অভিযানে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থানরত যুবকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছে। একটি জাতিকে দুর্বল করে দিতে মাদকই যথেষ্ট। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী মাঠ শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা, শরীরচর্চা এবং সুস্থ বিনোদনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এখানে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। স্থানীয় জনগণ যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে মাদক নির্মূলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে। তরুণ সমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।