ব্রাহ্মণবাড়িয়ায় পোড়া তেলে বেকারি পণ্য, জরিমানা ২ লাখ টাকা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বেকারি পণ্য বাজারজাতসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিকচ্ছ এলাকায় ফুডলিং ফুড প্রোডাক্টস বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে কাঁচামাল সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া শিল্প লবণ ও রংযুক্ত ‘চেরিফল’ নামের উপাদান ব্যবহার করে বেকারি পণ্য উৎপাদন, ঢাকনাবিহীন অবস্থায় পণ্য সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে পণ্য মোড়কজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানে কারখানায় ব্যবহৃত ‘ওলিও কিট’ তেল পরীক্ষায় পোড়া তেল হিসেবে প্রতীয়মান হয়। এ ছাড়া লেবেলবিহীন বিভিন্ন ধরনের মিষ্টিজাতীয় পণ্য মোড়কজাত ও বাজারজাত করতে দেখা যায়।
ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, ফুডলিং ফুড প্রোডাক্টসের দুটি কারখানা কিছুদিন আগে পরিদর্শন করা হয়েছিল। তখন বেকারি পণ্য মোড়কীকরণে বিভিন্ন অনিয়ম পাওয়া যায় এবং সাত দিনের মধ্যে সেগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশনার পরও কোনো উন্নতি না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ অন্যান্য সহায়ক কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানটিকে প্রচলিত সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
