logo

রান্না করা গরুর মাংস কিনতে কেন এত ভিড় দিনাজপুরে

রান্না করা গরুর মাংস কিনতে কেন এত ভিড় দিনাজপুরে
দিনাজপুর শহরের একটি অস্থায়ী দোকানে ডেগ থেকে রান্না করা গরুর মাংস ও অন্যান্য খাবার ক্রেতাদের বেড়ে দিচ্ছেন বিক্রেতা। ছবি : এশিয়া পোস্ট

দিনাজপুরে ভোজনরসিকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রান্না করা গরুর মাংস। প্রতি শুক্রবার জেলা সদরের বিভিন্ন মোড়ে বসছে বাবুর্চিদের অস্থায়ী দোকান। সেখানে ডেগভর্তি রান্না করা গরুর মাংস নিয়ে হাজির হচ্ছেন তারা। কাঁচা ও রান্না করা গরুর মাংসের দাম প্রায় একই হওয়ায় এসব দোকানে ভিড় করছেন ক্রেতারা। গরুর মাংসের পাশাপাশি কেজি দরে পাওয়া যাচ্ছে মুরগির রোস্ট ও পোলাও।

জানা গেছে, বছরখানেক আগে সেতাবগঞ্জে এক বাবুর্চি প্রতি শুক্রবার ৮০০ টাকা কেজি দরে রান্না করা গরুর মাংস বিক্রি শুরু করেন। তাকে দেখে দিনাজপুর জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও রান্না করা গরুর মাংস বিক্রি শুরু করেন বাবুর্চিরা।

শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে শহরের ছয় রাস্তার মোড়, স্টাফ কোয়ার্টার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রান্না করা খাবার নিয়ে দোকান সাজিয়ে বসেন বাবুর্চিরা। বাজারে কাঁচা মাংসের দাম ও রান্না করা মাংসের দাম প্রায় একই হওয়ায় এসব অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড় জমছে। অনেককে আবার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাংস কিনতেও দেখা যায়।

এসব দোকানে রান্না করা গরুর মাংসের কালাভুনা প্রতি কেজি ৮৫০ টাকা, মুরগির রোস্ট ৭০০ টাকা, জর্দা পোলাও ৪০০ টাকা এবং শাহী পোলাও ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া টিকিয়া ও বড়া বিক্রি হচ্ছে প্রতিটি ১০ টাকায়।

বিরল উপজেলার তেঘরা গ্রাম থেকে দিনাজপুর শহরের ছয় রাস্তার মোড়ে রান্না করা খাবার কিনতে এসেছেন খায়রুল ইসলাম। তিনি বলেন, বাড়িতে রান্না করার মতো কেউ নেই। মানুষের মুখে শুনে এখানে এসেছি। এবার ভালো লাগলে পরবর্তী সময়ে আবারও আসব। আমি গরুর মাংস আর পোলাও নিয়েছি। কাঁচা মাংস কিনে রান্না করার খরচ আর রান্না করা মাংসের দাম প্রায় একই পড়ে যায়।

শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, শুক্রবার বাসায় কী রান্না করা যায়, তা নিয়ে সব সময় চিন্তা করি। কিন্তু আজ হঠাৎ করেই এখান থেকে রান্না করা খাবার নিতে এসেছি। মানুষের মুখে এ নিয়ে অনেক কথা শুনেছি। তাই কিনতে এলাম।

গৃহবধূ নারগিস বেগম বলেন, শুক্রবার সাধারণত বাসায় ভালো কিছু রান্না করা হয়। কিন্তু প্রতি শুক্রবার এখানে অনেক ভিড় দেখি। তাই আজ আমিও কিনতে এসেছি।

দিনাজপুরের পরিচিত বাবুর্চি ভাদু বাবুর্চি বলেন, অনেক দিন আগেই ছয় রাস্তার মোড়ে দোকান দিয়েছি। আমাদের দেখে শহরের বিভিন্ন জায়গায় শুক্রবার করে অনেকেই দোকান বসাতেন। তবে অনেক দোকান এখন বন্ধ হয়ে গেছে। আমরা এখনো প্রতি শুক্রবার রান্না করা খাবার বিক্রি করছি। ক্রেতার সংখ্যাও অনেক বেড়েছে।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট