Advertisement

১০০ রাকাত নামাজ আদায়ের পর মুক্তি পেল চোর

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
১০০ রাকাত নামাজ আদায়ের পর মুক্তি পেল চোর
চুরির অভিযোগে শাস্তি হিসেবে নামাজ পড়ছেন এক যুবক। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন উৎসুক জনতা। শুক্রবার চট্টগ্রামের মিরসরাইয়ের ৮ নম্বর ওয়ার্ডে। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক যুবককে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর ঘটনা ঘটেছে। পরে তাকে তওবা করানোর পর ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ফকির আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যম সোনাপাহাড় এলাকার রেজাউল করিমের (৩৫) বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে দিয়ে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। পরে ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে না জড়ানোর অঙ্গীকার নিয়ে তওবা পড়ানোর পর ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকায় চুরি হচ্ছে। কিন্তু অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির চেষ্টা করলে স্থানীয়রা রেজাউলকে হাতেনাতে আটক করেন। শাস্তির উদ্দেশ্য ছিল তাকে সংশোধনের সুযোগ দেওয়া। তাই তার থেকে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের জানায়নি। আমি বিষয়টি খোঁজ-খবর নিচ্ছি।’

চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে হয় বলে জানান ওসি আবদুল হালিম।