Advertisement

জন্মহার কমাতে সেপ্টেম্বরে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
জন্মহার কমাতে সেপ্টেম্বরে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সভাকক্ষে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : এশিয়া পোস্ট

জন্মহার কমাতে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে দেশব্যাপী ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কর্মসূচির মাধ্যমে সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

Advertisement

রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ শুরু করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য দেশকে উন্নত করা এবং স্বাস্থ্য বিভাগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের নানা মূল্যবান সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে এবং হাসপাতালে নানামুখী অব্যবস্থাপনা তৈরি করা হয়েছিল। এমন কঠিন পরিস্থিতিতেও জনগণকে উন্নত চিকিৎসা সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমানসহ চাঁদপুর সদর হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে আকস্মিক সফরে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।

বিষয় :