কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, ইসিজি ও ইকো পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্ব আত্মসাৎ এবং ওষুধের মজুত ও হাসপাতালের বিভিন্ন পণ্য কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় দুদক কুমিল্লার একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. এমরান হোসেন। দলের অন্য সদস্যরা ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।
দুদক সূত্রে জানা যায়, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করা হয়। অভিযানে সবচেয়ে বেশি অনিয়মের চিত্র পাওয়া যায় কার্ডিওলজি বিভাগের ইসিজি কার্যক্রমে। সেখানে দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজির বিপরীতে রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত রসিদ দিতেন না বলে অভিযোগের সত্যতা পায় দুদক। ছোট ছোট সাদা কাগজে টোকেনের মাধ্যমে হিসাব সংরক্ষণ এবং দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নামে রেজিস্টারে এন্ট্রি করার তথ্য পাওয়া যায়।
দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে এলেও রেজিস্টারে নিয়মিত মাত্র ৪০ থেকে ৪৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হতো। বাকি রোগীদের কাছ থেকে নেওয়া অর্থের হিসাব সরকারি রেকর্ডে পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বই উদ্ধার করা হয়। পাশাপাশি রোগীদের কাছ থেকে সংগ্রহ করা ইসিজি রিপোর্টের সঙ্গে রেজিস্টার ও রশিদ বই যাচাই করেও অসংগতি পাওয়া যায়।
অন্যদিকে, ইকো কার্ডিও রুমে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফির অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগেরও প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযানে দেখা যায়, যারা নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিচ্ছেন, তাদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করানো হচ্ছে; অথচ সাধারণ রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে। এ সময় রোগীদের বক্তব্যও গ্রহণ করেন দুদক কর্মকর্তারা।
হাসপাতালের বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্রেও অনিয়মের চিত্র উঠে আসে। ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, নিয়মিতভাবে তা হালনাগাদ করা হচ্ছে না। বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের হিসাবেও গরমিল পাওয়া যায়। উদাহরণ হিসেবে মন্টিলুকাস্ট ওষুধের স্টক রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫ হাজার ৬০০ পাতা; অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি পাওয়া যায়।
হাসপাতালের কেন্দ্রীয় ওষুধ স্টোর পরিদর্শনেও বড় ধরনের অসংগতি শনাক্ত করে দুদক। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বাস্তব হিসাবের ব্যাপক পার্থক্য পাওয়া যায়। একটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও গণনায় এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টি পাওয়া যায়। বাকি ওষুধের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট স্টোর কিপার।
এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। এতে প্রায় এক হাজার ইনজেকশনের ঘাটতি পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, হাসপাতালের স্টোরে থাকা বেশ কয়েক ধরনের ইনজেকশন ও ওষুধের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিতকরণ, সিল বা প্রয়োজনীয় নির্দেশনা নেই। এতে ওষুধ সরবরাহ, গ্রহণ ও সংরক্ষণ প্রক্রিয়ায় অনিয়ম এবং সরকারি ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের সন্দেহ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক।
এদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায়ও বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দাম দেখানোর তথ্য পাওয়া গেছে। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান ও বাস্তব বাজারমূল্য যাচাই করে এ অসংগতি শনাক্ত করা হয়।
দুদকের তথ্য অনুযায়ী, ৬০ টাকা বাজারমূল্যের সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে। ১৪০ টাকা মূল্যের ৫০০ মিলি টয়লেট ক্লিনারের দাম ধরা হয়েছে ২৪৯ টাকা। ২০০ টাকার ফিনাইলের দাম দেখানো হয়েছে ৩৯৯ টাকা। ২৫ টাকার টয়লেট টিস্যু কেনা হয়েছে ৬৯ টাকা দরে। একইভাবে ১০০ টাকা বাজারমূল্যের হ্যান্ডওয়াশের দাম ধরা হয়েছে ১৯০ টাকা। এ ছাড়া ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা, পানির জগসহ বিভিন্ন পণ্যেও বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখানোর তথ্য পাওয়া যায়। দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে এসব পণ্য কেনাকাটায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দাম নির্ধারণের মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা রয়েছে।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন জানান, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব নথি সরবরাহের জন্য সময় চেয়েছেন। প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।

