খাদ্যে ভেজাল উদ্বেগজনক হারে বেড়েছে: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান

এশিয়া পোস্ট নিউজ, দিনাজপুর
খাদ্যে ভেজাল উদ্বেগজনক হারে বেড়েছে: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান
নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালায় বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার। শনিবার দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, খাদ্যে ভেজাল, বিষাক্ত রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মেশানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। ফলে ক্যানসার, কিডনি, লিভারসহ বিভিন্ন জটিলরোগে মানুষ আক্রান্ত হচ্ছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত খাদ্যবিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

দিনাজপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে এ কর্মশালার আয়োজন করা হয়ে।

খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক তুলে ধরে আনোয়ারুল ইসলাম বলেন, মানুষের গড় আয়ু ও সুস্থ জীবনযাপন হুমকির মুখে পড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের বিকল্প নেই।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের কথা গুরুত্ব দিয়ে অনুসরণ করে। তাই শিক্ষকেরা যদি নিয়মিত নিরাপদ খাদ্য, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং ভেজাল খাদ্যের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন হয়ে উঠবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ ন ম নাজিম উদ্দিন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি প্রমুখ।

কর্মশালায় দিনাজপুরের হোটেল মালিক, বেকারি মালিক, শিক্ষক, মাছ ও মাংস ব্যবসায়ী, খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, হোটেল-রেস্তোরাঁ এবং খাদ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভোক্তাদেরও ভেজাল খাদ্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনসচেতনতা বৃদ্ধি পেলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অনেক সহজ হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় :দিনাজপুর