logo

জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ উদ্ধার

জার্মান পর্যটকের চুরি হওয়া সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার। ছবি : এশিয়া পোস্ট

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া জার্মান পর্যটক কিরিল ল্যান্ডারের ল্যাপটপ চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে পর্যটকের ক্যামেরাটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর সদর থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার শরীফুল হক।

এর আগে, নাটোর শহরের কাপুড়িয়াপট্টিতে নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার পথে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার বাসিন্দা অমল কুমার সাহা ট্রেনের একটি আসনের নিচে ব্যাগটি পান। পরে তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান। ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পেয়ে তিনি ছেলের সঙ্গে কথা বলেন।

উদ্ধার করা ল্যাপটপ। ছবি : এশিয়া পোস্ট
উদ্ধার করা ল্যাপটপ। ছবি : এশিয়া পোস্ট

সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ চুরির খবর জানতে পেরে অমল কুমার সাহা তার ছেলে অন্তরকে বিষয়টি জানান। পরে অন্তর রোববার রাতে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ কাপুড়িয়াপট্টিতে নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সুপার শরীফুল হক বলেন, ল্যাপটপ উদ্ধারের বিষয়টি পর্যটক কিরিল ল্যান্ডারকে জানানো হয়েছে। এ ঘটনায় তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে আসা জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার নাটোর রেলস্টেশনে অপেক্ষা করার সময় তার ল্যাপটপ ও ক্যামেরা রাখা ব্যাগ চুরির শিকার হন। তিনি বগুড়া থেকে লোকাল ট্রেনে সান্তাহার আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোরে পৌঁছান। সেখান থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে বসে থাকার সময় এক যুবক কৌশলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় অভিযোগ করেন কিরিল ল্যান্ডার।