logo

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
সুন্দরবন। ছবি : এশিয়া পোস্ট

বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের এক দিন পর জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

নিহত মোস্তফা মাঝি পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলাবগীর মুখে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ মোস্তফা মাঝির মাছ ধরার নৌকায় ধাক্কা দেয়। এতে মোস্তফাসহ নৌকায় থাকা তিন জেলে নদীতে পড়ে যান।

এ সময় অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে মোস্তফা মাঝি নিখোঁজ হন। পরে তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়।

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের দুই ছেলে মোংলায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে জেলেদের নৌকায় ধাক্কা দেওয়া লাইটার জাহাজটির পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।