দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ভুল শুধরাতে ২৫ হাজার টাকা দিলেন নারী

দীর্ঘদিন ধরে ট্রেনে বিনা টিকিটে যাতায়াত করতেন এক নারী। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি এ টাকা জমা দেন।
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির প্রয়োজনে দীর্ঘদিন ধরে তিনি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে কুষ্টিয়ার ভেড়ামারাসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেছেন।
একপর্যায়ে নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি সংশোধনের উদ্যোগ নেন ওই নারী। এ জন্য তিনি তার পরিচিত রাজশাহীর রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) এ কে এম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।
নুরুল আলমের পরামর্শ ও সহযোগিতায় শনিবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে যান ওই নারী। সেখানে প্রধান বুকিং সহকারী শহিদুল ইসলামের কাছে তিনি ২৫ হাজার টাকা জমা দেন।
টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী নিজ উদ্যোগে টাকা জমা দিয়েছেন। ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় টাকা জমা দেওয়ার এই ঘটনা একটি ইতিবাচক দৃষ্টান্ত।



-53ff6e.jpg)