logo
Advertisement

জমি নিয়ে বিরোধে গৃহবধূর চোখ উপড়ে ফেলার চেষ্টা, শিশুসহ আহত ৫

জমি নিয়ে বিরোধে গৃহবধূর চোখ উপড়ে ফেলার চেষ্টা, শিশুসহ আহত ৫
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন গৃহবধূ শারমিন আক্তার। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূর চোখে গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর দুই সন্তানসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংবাদটি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান।

এর আগে, উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের লাকুড়িয়াকান্দি গ্রামের পাটোয়ারী বাড়িতে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—গৃহবধূ শারমিন আক্তার (৩২), তার মেয়ে ইসরাত জাহান (১৩) ও তিন বছর বয়সি ছেলে দেলোয়ার হোসেন। আহত অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্বজনরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী রিপন, সুজন ও সুমনের নেতৃত্বে কয়েকজন বসতঘরে ঢুকে এ হামলা চালান। এ সময় শারমিন আক্তারের চোখে মারাত্মক আঘাত করে অমানবিক নির্যাতন চালানো হয়। মাকে রক্ষা করতে গেলে তার ছোট ছোট সন্তানদেরও মারধর করা হয়। স্বজনদের দাবি, ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের মজিব উল্যাহ ও তার মেয়ের জামাই ইসরাফিলকে আটক করে নিয়ে যায়।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, চোখে মারাত্মক জখম নিয়ে এক নারী ভর্তি আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হচ্ছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, লিখিত অভিযোগ সাপেক্ষে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।