বজ্রাঘাতে তিনজনের মৃত্যু, একজনের লাশ তলিয়ে গেল হাওরে

মৌলভীবাজারের হাকালুকি হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজন মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হাওরের ফেঞ্চুগঞ্জ বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার দুই ছেলে হামিদ মিয়া ও কাবিল মিয়া এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হামিদ, কাবিল ও সাব্বির নৌকা নিয়ে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে মাছ ধরতে যান। দুপুরে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ঘটনার পর হামিদ ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়। কাবিল মিয়ার মরদেহ নৌকা থেকে হাওরের পানিতে পড়ে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা মরদেহ উদ্ধারের জন্য হাওরে তল্লাশি অভিযান শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ পাওয়া যায়নি। ডুবুরি দল মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
