সেনাবাহিনীর তত্ত্বাবধানে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দুর্গম পাহাড়ের বাসিন্দারা

পার্বত্য এলাকার দুর্গম পাহাড়ের বাসিন্দাদের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্য অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে সেনাবাহিনী। সহায়তা করছে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।
এই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল দীঘিনালা জোনের উদ্যোগে দীঘিনালা মডেল গার্লস স্কুল মাঠে আয়োজিত চক্ষু মেডিকেল ক্যাম্পে ৯৩৭ জন রোগী চিকিৎসা সেবা নেন। এর মধ্যে ৭৬২ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ১৬৭ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
এ ছাড়া দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে এবং রোটারি ক্লাব ও লায়ন্স ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তিনটি বাসযোগে ৮৩ জন চক্ষু রোগীকে চট্টগ্রামে পাঠানো হয়। এর মধ্যে ৬৭ জন রোগীর সফলভাবে চোখের ছানি অপারেশন সম্পন্ন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গত ৭ মে মহালছড়ি জোনের উদ্যোগে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষু ও মেডিকেল ক্যাম্পে এক হাজার ২৫ জন রোগী চিকিৎসা সেবা নেন। এর মধ্যে ১২৭ জন রোগীকে বিশেষায়িত চক্ষু চিকিৎসার জন্য নিবন্ধন করা হয়। ১৭৪ জন রোগীকে চোখের ছানি ও অন্যান্য চক্ষু অপারেশনের জন্য আগামী ৬ জুন চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে পাঠানো হবে। বর্তমানে রোগীদের ফলো-আপ চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীঘিনালার প্রত্যন্ত এলাকার বাসিন্দা জ্ঞান রঞ্জন ত্রিপুরা, প্রতিভা ত্রিপুরা ও মহালছড়ির বাসিন্দা সুনীল চাকমা জানান, তারা দীর্ঘ ৩/৪ বছর ধরে ভালো মতো চোখে দেখতে পারছিলেন না। আর্থিক অবস্থাও ভালো না। খাগড়াছড়ি জেলা শহর থেকে তাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো না। গ্রামের আশপাশে কোনো ডাক্তার নেই। সেখানে সেনাবাহিনী গিয়ে গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে। চট্টগ্রামে নিয়ে গিয়ে বিনামূল্যে চোখে ছানি অপারেশন করিয়েছে।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। এবারের দুইটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়ন ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছেন। আমরা আশা করি, পাহাড়ে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক এ সেবা সত্যিই প্রশংসনীয়। যেসব দুর্গম এলাকায় সাধারণ মানুষ পৌঁছাতে পারে না, সেসব এলাকায় সেনাবাহিনী গিয়ে গ্রামের মানুষদের চট্টগ্রাম শহরে নিয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে যাচ্ছে। খাগড়াছড়ির দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।
