২৫ পরীক্ষার্থীর সবাই পাস, মাদ্রাসাকে ৫ লাখ টাকা দিচ্ছেন এমপি

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্যে কুমিল্লার লালমাই উপজেলার হলদিয়া উসমানিয়া মহিলা মাদ্রাসাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। তাদের মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছেন।
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাদ্রাসাটির শতভাগ পাসের খবর পেয়ে এ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য।
মাদ্রাসাটির অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই ও নাঙ্গলকোট উপজেলার শিক্ষার উন্নয়নে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) নামে একটি প্রতিষ্ঠান গঠন করেছেন। এ প্রতিষ্ঠানের ব্যানারে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
আলমগীর হোসেন বলেন, এমপি তার কথা রাখবেন বলে আমাকে আবার ফোন করে জানিয়েছেন। তবে আমরা আরও ভালো ফল প্রত্যাশা করেছিলাম।
সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করলেও প্রতিটিকে পাঁচ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পাঁচ লাখ টাকার পুরস্কারের চেয়েও বড় বিষয় হলো, এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুপ্রাণিত হবে। একটি প্রতিষ্ঠান ভালো ফল করলে অন্য প্রতিষ্ঠানগুলোও তা দেখে শিক্ষার মানোন্নয়নে উদ্যোগী হবে।
সংসদ সদস্য জানান, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির (সিডিএস) ব্যানারে শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। একই অনুষ্ঠানে সংশ্লিষ্ট মাদ্রাসার কাছে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

