logo
Advertisement

ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে চুরি, আড়াই ভরি স্বর্ণসহ আটক ২

ঝিনাইদহে প্রবাসীর বাড়িতে চুরি, আড়াই ভরি স্বর্ণসহ আটক ২
চুরির ঘটনায় উদ্ধার করা স্বর্ণালংকারসহ আটক দুই যুবক। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও কানের দুলসহ আড়াই ভরি সোনা উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামের রাহুল হোসেন (৩০) ও মেহেদী হাসান (২৫)।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে দিঘারপাড়া গ্রামের প্রবাসী পারভেজ কামালের বাড়ির জানালার রড কেটে ঘরে ঢোকে চোরেরা। এ সময় তারা আলমারি ভেঙে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পরিবারটি।

এ ঘটনায় পরদিন পারভেজ কামালের স্ত্রী সীমা খাতুন কালীগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর চুরির রহস্য উদ্ঘাটন ও মালামাল উদ্ধারে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে সোনা বিক্রির জন্য অবস্থান করছে। খবর পেয়ে বুধবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে রাহুল হোসেন ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আড়াই ভরি সোনা উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী সীমা খাতুন বলেন, ঘটনার রাতে চোরেরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করেছিল বলে আমাদের ধারণা। এতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে চোরেরা জানালার রড কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালংকার নিয়ে যায়। ভোরে আমার মা নামাজ পড়তে উঠে জানালা ও আলমারি ভাঙা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় তার স্ত্রী মামলা দায়ের করেছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিছু সোনা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।