logo

সুন্দরবনে জেলের মৃত্যুর খবরে বন বিভাগের অফিসে হামলা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
সুন্দরবনে জেলের মৃত্যুর খবরে বন বিভাগের অফিসে হামলা
সাতক্ষীরায় বন বিভাগের অফিসে হামলা। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বনরক্ষীদের গুলিতে আমিনুর রহমান নামে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল পাঁচটার দিকে হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান।

তিনি জানান, হামলাকারীরা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। প্রায় ৪০ মিনিট হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হামলায় পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ, বনরক্ষী মো. মেজবাউল ইসলাম, ফায়জুর রহমান, আজাদুল ইসলাম ও স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান।

স্থানীয় সংবাদকর্মী আব্দুল হালিম জানান, কয়েকশ জেলে লাঠি নিয়ে প্রথমে সুন্দরবনের সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। সেখানে তারা ভাঙচুর শেষে হামলা চালায় সাতক্ষীরা রেঞ্জ অফিসে। দুই অফিসের চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। রেঞ্জ অফিসের ভিতরের ফটক ভেঙে ফেলে। প্রায় ৩০-৪০ মিনিট ধরে চলে হামলা।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, হামলা হতে পারে এমন শঙ্কা থেকে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌ পুলিশকে অবহিত করা হয়েছিল। কিন্তু ঘটনার আগে তারা কেউ এসে পৌঁছায়নি।

এর আগে সোমবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় আমিনুর রহমান নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের গুলিতে তার মৃত্যু হয়।

সহযোগী জেলে আহম্মদ মোড়ল জানান, তিন দিন আগে অনুমতিপত্র নিয়ে দুটি নৌকায় তারা চারজন কাঁকড়া শিকারে যান। সোমবার সকাল থেকে খুলনা রেঞ্জের পাটকোসটার ঝিলে এলাকায় (অভয়ারণ্য) নৌকায় বসে তারা কাঁকড়া শিকার করছিলেন। সেখানে আমিনুর রহমানকে গুলি করা হয়।

স্থনীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, অমিনুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জলদস্যুরা সুন্দরবনজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জেলেদের ওপর গুলি চালিয়ে সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে পরোক্ষভাবে ভীতি ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, সুন্দরবনে দস্যু দমনে অভিযান চলছে। কোন পক্ষের গুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় বনরক্ষীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক জানান, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।