‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’, ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বক্তব্য ঘিরে বিতর্ক

ফরিদপুরের সালথায় সমর্থকদের উদ্দেশে অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ডের মতো অপরাধের দায় নেওয়ার আশ্বাস দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের (রফিক মোল্লা) বিরুদ্ধে। সম্প্রতি সালথা উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভার ভিডিও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত করা হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও জানান, সম্প্রতি তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যানটি ছিনিয়ে নেয়। চাইলে তিনি সমর্থকদের নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, কিন্তু কোনো ধরনের সংঘাত বা উত্তেজনা না ছড়িয়ে তিনি আইনগত উপায়ে পুলিশের সহায়তা নিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যটির সত্যতা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এশিয়া পোস্টকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে চেয়ারম্যান সম্প্রতি এমন কোনো বক্তব্য দিয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।
অন্যদিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এশিয়া পোস্টকে জানান, ভিডিওটি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজন হলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় কি না, সে বিষয়েও আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
