কুড়িগ্রামে রাতভর অভিযান, অবৈধ মজুত ২১৫০ কেজি সার উদ্ধার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে মজুত করা দুই হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুতের অভিযোগে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতভর পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় সার উদ্ধার ও জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
অভিযান সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মো. বেলাল মিয়া ও মো. মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় এক হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সেজন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।



