কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট বাজারের বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে গিয়ে কৃষকরা জানতে পারেন এদিন সার বিতরণ করা হবে না। এতে তারা ক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনসহ পুলিশ এবং সোনাহাট ক্যাম্পের বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনও ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সার বিতরণের আশ্বাস দিলে কৃষকরা সড়ক অবরোধ তুলে নেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর উপস্থিতিতে সার বিতরণ শুরু হয়।
মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হযরত আলী জানান, সর্বশেষ ডিও অনুযায়ী তিনি ২৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ৯০ বস্তা এমওপি সার উত্তোলন করেন। বুধবার সার বিতরণের কথা ছিল না। তবে শতাধিক কৃষক ক্ষুব্ধ হয়ে উঠলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বুধবার রাকিবুল ট্রেডার্সে সার বিতরণের দিন ধার্য ছিল না। সোনাহাট ক্যাম্পের মোড়ে বিসিআইসি ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা ছিল। কিন্তু কৃষকরা বিশৃঙ্খলা করায় প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্টেই সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উপজেলায় কোনো সার সংকট নেই।



