প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে আড়াই ঘণ্টার মুক্তি পেয়েছেন নাটোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস।
শনিবার (১৫ আগস্ট) এশার নামাজের পর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদ প্রাঙ্গণে তার বাবা আবুল কালাম আজাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশগ্রহণের জন্য রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেমসকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
স্বজনরা জানান, জেমসের বাবা আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের চারজনকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় গত ২২ জুন রাতে নিজ বাড়ি থেকে জেমসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। শনিবার বাবার মৃত্যুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি দেন। পরে পুলিশি পাহারায় তাকে জানাজাস্থলে নিয়ে আসা হয়।
জানাজায় জেমসের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজা শেষে তাকে পুনরায় নাটোর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।



