বউভাতের দাওয়াত খেয়ে হাসপাতালে ভর্তি ৭

নীলফামারীর সৈয়দপুরে বউভাতের দাওয়াতে খাবার খেয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাতে শহরের হাতিখানা কবরস্থানের পশ্চিমে খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসকের ধারণা, খাবারে বিষক্রিয়া (ফুড পয়জনিং) হওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছোয়াপাড়ার লালটুর স্ত্রী বাবলি (৩৪), নিরঞ্জনের স্ত্রী উজালী (৪২), হরির স্ত্রী সোনালী (৩০), হরিদাসের ছেলে আদি (১৮), ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল (১৯) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানের পেছনে খ্রিস্টানপাড়া এলাকার শুভর সঙ্গে কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার বাদলের মেয়ে গৌরীর পারিবারিকভাবে বিয়ে হয়। এর সূত্র ধরে শনিবার রাতে শুভর বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কনের আত্মীয়স্বজনসহ বিভিন্ন এলাকার লোকজন অংশ নেন। দাওয়াতে খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে অনেকের তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে সাতজনকে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের স্বজনরা জানান, বউভাতের অনুষ্ঠানে খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই অসুস্থতার লক্ষণ দেখা দেয়। প্রথমে পেটে প্রচণ্ড ব্যথা ও পরে ঘন ঘন বমি হতে থাকে। একসঙ্গে অনেকে অসুস্থ হয়ে পড়ায় খাবার থেকেই সমস্যাটি হয়েছে বলে তাদের ধারণা।
সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবাব বলেন, বমি ও তীব্র পেটব্যথা নিয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে খাবারের বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়েছেন বলে মনে হচ্ছে। বর্তমানে সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।
.png)


