বগুড়ায় পৌর বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

মাদক কারবার, মাদকসেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৮ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দেয় আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ছাড়া রাজিব খানের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে দলের সব থেকে অব্যাহতি দিয়ে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারের বিষয়ে জানতে রাজিব খান রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



