logo

বাংলাদেশে নারীরা এখন আর বোঝা নয়, সম্পদ: এমপি আবুল খায়ের

বাংলাদেশে নারীরা এখন আর বোঝা নয়, সম্পদ: এমপি আবুল খায়ের
লক্ষ্মীপুরের দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশে নারীরা এখন আর বোঝা নন, বরং সম্পদে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চবিদ্যালয়ের হাজী মতিন চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, আজ বাংলাদেশে সব ক্ষেত্রে মেয়েরা আর বোঝা নয়। মেয়েরা সম্পদে পরিণত হয়েছে। আপনারা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মেয়েদের পাসের হার বেশি। মেডিকেল কলেজেও পাসের হার বেশি। বিশ্ববিদ্যালয়গুলোতেও পাসের হার বেশি। কারণ, আজকালকার ছেলেদের চেয়ে মেয়েরা বেশি অগ্রগামী।

মেয়েদের প্রতি অবহেলা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের নবী করিম (সা.) ফাতিমা (রা.)-কে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মেয়েরা ঘৃণার পাত্র নন, অবহেলার পাত্রও নন।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে সদ সদস্য বলেন, গত বাজেটে আমরা এমন একটি বাজেট করেছি, যেখানে শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপর রয়েছে স্বাস্থ্য খাত। বিশ্বায়ন ও আধুনিক প্রযুক্তির এই যুগে আমরা যদি শিক্ষাব্যবস্থার উন্নতি করতে না পারি, তাহলে টিকে থাকা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, একটি ল্যাপটপ দিয়েই বাসায় বসে সংসার চালানোর মতো আয় করা সম্ভব। এটি শিক্ষার কারণে, প্রযুক্তির কারণে। এ জন্য সবাইকে মাঠে-ময়দানে কাজ করতে হবে—এমন নয়। বে শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া কম্পিউটার ও ল্যাবরেটরির সরঞ্জাম ব্যবহারের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলে আবুল খায়ের ভূঁইয়া বলেন, এখানে ল্যাবরেটরি দিয়েছে, কম্পিউটার সরবরাহ করেছে; কিন্তু একটি কম্পিউটারও চলে না। ল্যাবরেটরি আছে, কিন্তু বাক্সবন্দি। এগুলো লুটপাট। লুটেরও একটি সীমা আছে।

বিগত সরকারের শিক্ষা কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকারের সময়ে জিপিএ-৫, গোল্ডেন জিপিএ-৫-এর কোনো অভাব ছিল না। কিন্তু এখন এগুলো কোনো কাজে আসে না। প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে।

দেশের অবকাঠামো, বিদ্যুৎ ও গ্যাস অনুসন্ধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, দেশের অর্থনৈতিক সম্পদ সীমিত হওয়ায় প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়নে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে।

অনুষ্ঠানে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি হাছান আলী মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিএকেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দালাল বাজার ডিগ্রি কলেজের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন পাটোয়ারী বিটু, দালাল বাজার ডিগ্রি কলেজের দাতা সদস্য ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল, দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছায়েদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।