logo

কুমিল্লা/ভূমি অফিসের জমি দখল করে ব্যবসা, ১৮ বছরেও হয়নি উচ্ছেদ

সোহাইবুল ইসলাম সোহাগ
কুমিল্লা
ভূমি অফিসের জমি দখল করে ব্যবসা, ১৮ বছরেও হয়নি উচ্ছেদ
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়ন ভূমি কার্যালয়ের জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়ন ভূমি কার্যালয়ের জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ১৮ বছর ধরে বেদখলে থাকা জমি উদ্ধারে হয়নি কোনো উচ্ছেদ অভিযান। নিজেদের দখল ফিরে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিন দেখা যায়, ভূমি কার্যালয়ের পাশে নির্মিত টিনের দোকানঘর ও টিনশেড স্থাপনায় বিভিন্ন ধরনের ব্যবসা চলছে। কোথাও দোকানঘর, কোথাও টিনশেডের বর্ধিত অংশ আবার কোথাও টিনের চালা নির্মাণ করে ব্যবহার করা হচ্ছে।

কালীর বাজার ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা মো. কামরুল হাছান এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা ইউএনওর কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য চিঠি পাঠিয়েছি।’

ভূমি কার্যালয় সূত্র জানায়, শূন্য দশমিক ০৫২১ একর জমি দখল করে ১০টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এই জমির বাজারমূল্য আনুমানিক ৫৪ লাখ টাকা। জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের সুপারিশ করে গত ১৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে জানানো হয়। সবশেষ রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত বেদখল হওয়া জমি উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘সরকারি-বেসরকারি কিচ্ছু বুঝি না। আমরা ব্যবসা করি টেকা দিয়া। আমরারে বিদায় করি লাইলে আমরা যাইমুগি।’

কালীর বাজারের ব্যবসায়ী মোস্তফা অভিযোগ করেন, ভূমি অফিসের কিছু লোকজনের সঙ্গে যোগসাজশ করে এসব সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে। সরকারি জমি চিহ্নিত করে দ্রুত দখলমুক্ত করা প্রয়োজন।

ভূমি কার্যালয়ের নথিপত্র বলছে, ১০ জনের দখলে রয়েছে জমি। তারা হলেন, আদর্শ সদর উপজেলার কালীর বাজার এলাকার মৃত রফিক মিয়ার ছেলে রুহুল আমিন মাস্টার, জালগাঁও এলাকার সামছুল হকের স্ত্রী ফাহমিদা হক, আটওরা এলাকার আবুল কাশেমের ছেলে শাহ আলম, যশপুর এলাকার মৃত প্রাণ বল্লভের স্ত্রী জবা রাণী ভৌমিক ও ছেলে সঞ্জিত ভৌমিক, অতুল চন্দ্র ভৌমিকের ছেলে তপন ভৌমিক, বারাইপুর এলাকার আবদুর রহমানের ছেলে আল আমিন, সুরুজ মিয়া এবং বল্লভপুর এলাকার মৃত সেকান্দর আলী ভূঁইয়ার দুই ছেলে আবদুল কুদ্দুস ও আবুল বাশার।

অভিযুক্তদের মধ্যে শাহ আলম ও তপন ভৌমিকসহ কয়েকজনের সঙ্গে কথা বলেছে এশিয়া পোস্ট। তারা দাবি করেছেন, তাদের নির্মিত স্থাপনার জমির মালিকানায় ভূমি অফিস নেই। ভূমি অফিসের কিছু জমির কিছু অংশ দখলে থাকতে পারে, পুরোপুরি নয়। কর্তৃপক্ষ জানালে স্থাপনা সরিয়ে নেওয়া হবে।

এ বিষয়ে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব তালুকদার বলেন, আমি নতুন আসায় বিষয়টি অবগত ছিলাম না। ঘটনাস্থল পরিদর্শন করে ডিসি স্যারের নির্দেশে আইনি ব্যবস্থা নেব।

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মিজ রোজী আক্তার বলেন, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে লিখিত প্রতিবেদন দেবেন। সরকারি স্বার্থ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।