ফুটপাত নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজ বন্ধ করে দিলেন প্রশাসক

পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি নির্মাণাধীন ফুটপাতের কাজ পরিদর্শনে যান।
এ সময় পার্কিং টাইলসসহ বিভিন্ন সামগ্রীতে নিম্নমানের উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ফুটপাতের যে অংশে নিম্নমানের টাইলস বসানো হয়েছে, তা তুলে ফেলারও নির্দেশ দেওয়া হয়। জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে, নির্মাণসামগ্রী ও টাইলস পরীক্ষা করে কাজের তফশিল (সিডিউল) অনুযায়ী মান নিশ্চিত হওয়ার পরই কেবল পুনরায় কাজ শুরু হবে।
জেলা পরিষদ জানায়, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ চলছে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১৩০৬ ফুট দীর্ঘ ড্রেনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণের কাজ। বিদ্যুৎ পল অপসারণ, রাস্তার দুই পাশে পানির লাইন স্থাপন এবং ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসানোর কাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ লাখ টাকা। রাস্তার একপাশে ৫ ফুট এবং অন্যপাশে ৩ ফুট চওড়াসহ মোট ৩৯৬ মিটার দীর্ঘ ফুটপাত নির্মিত হচ্ছে। তবে কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছেন স্থানীয়রা।
পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই বলেন, এই টাইলস মানুষের হাঁটাচলার উপযোগী নয়। সেই সঙ্গে অন্য উপকরণগুলোও ঠিকমতো দেওয়া হচ্ছে না। টাইলসের নিচে কেবল বালু ব্যবহার করা হয়েছে। আমরা চাই কাজটি সঠিকভাবে সম্পন্ন হোক।
পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয় লোকজন এই কাজের বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। আমি আজ সরেজমিনে গিয়ে দেখেছি তফশিল অনুযায়ী কাজ হচ্ছে না। টাইলসগুলো নিম্নমানের এবং এগুলোর পুরুত্বও কম। তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে নিয়ম ও তফশিল অনুযায়ী কাজ শুরু করা হবে।
সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রমিল সাহা বলেন, আমি জানি না তারা কীভাবে কাজটিকে নিম্নমানের বলছেন। আর টাইলস তো আমি তৈরি করি না, কিনে এনেছি। আমি অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।
জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ আরও বলেন, ফুটপাতের টাইলসে অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
