logo

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০


জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০
দেওয়ারগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি : পুলিশের সৌজন্যে

জামালপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫০ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন ও ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জামালপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা ও ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ২৪ জন, নিয়মিত মামলার ৮ জন এবং অন্যান্য অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে পাঁচজন মাদক ব্যবসায়ী। অভিযানে ইয়াবা, হেরোইন ও দেশীয় চোলাই মদের পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের মধ্যে সরিষাবাড়ী থানার দুজন এবং মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ থানার একজন করে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ জামালপুর গড়তে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।