ঘূর্ণিঝড়ের প্রভাবে জামালপুরে ৫০৮ হেক্টর জমি আক্রান্ত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে জামালপুরে ৫০৮ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। আমন ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন বিভিন্ন ফসলও। দীর্ঘ সময় রোদ না পেলে ভেজা ধানের মান নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা।
জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ঘুরে দেখা গেছে, কোথাও পাকা ধানের গাছ বৃষ্টির পানিতে মাটিতে হেলে পড়েছে, কোথাও কেটে রাখা ধান জমিতেই পড়ে থেকে ভিজছে। এতে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টির পানি জমেছে নিচু জমি ও সবজিক্ষেতেও। এতে লাউ, শিম, বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজি আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষক বাদল বলেন, এবার আমন ধান চাষ করতে গিয়ে শুরু থেকেই লোকসানের মুখে পড়তে হয়েছে। সময়মতো সার না পাওয়ায় জমিতে ঠিক সময়ে সার দিতে পারিনি। তিন বিঘা জমিতে ধান চাষ করতে ৪০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। এখন দুই-তিন দিনের বৃষ্টি ও বাতাসে ধানের গাছ মাটিতে পড়ে গেছে। এর ওপর জমিতে পানি জমে আছে। ধান ঘরে তুলতে না পারলে কীভাবে সংসার চালাব, তা নিয়েই চিন্তায় আছি।
কৃষক রমজান বলেন, তিন-চার দিনের টানা বৃষ্টিতে জমিতে কেটে রাখা ধান ভিজে গেছে। ধান শুকাতে না পারায় মাড়াইও করতে পারছি না। ভেজা ধান থেকে চালের মান ও ফলন দুটিই কমে যাওয়ার আশঙ্কা আছে। এখন রোদ না উঠলে ধান ঘরে তোলা আরও কঠিন হয়ে পড়বে।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় এক লাখ ১৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ লাখ ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২০০ হেক্টর বেশি জমিতে আমন ধান চাষ করেছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, টানা বৃষ্টিতে ১১৪ হেক্টর রোপা আমন, ২৭৭ হেক্টর সরিষা, ৪১ হেক্টর শাকসবজি, ১৩ হেক্টর মরিচ, ২ হেক্টর পেঁয়াজ, ৩৩ হেক্টর ভুট্টা ও ২৮ হেক্টর আলুর জমি আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্ত জমির পরিমাণ ৫০৮ হেক্টর।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, বৃষ্টিতে আক্রান্ত জমির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এসব জমির ফসলের কতটুকু ক্ষতি হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বৃষ্টি থামার তিন-চার দিন পর মাঠপর্যায়ে যাচাই করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।
কৃষকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, যেসব জমিতে বৃষ্টির পানি জমে আছে, সেখান থেকে নালা কেটে পানি বের করে দিতে হবে। জমিতে পাকা ধান থাকলে বৃষ্টি থামার পর দ্রুত কেটে ফেলার পরামর্শ দেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে তিনি বলেন, আক্রান্ত জমির তথ্য কেন্দ্রীয়ভাবে পাঠানো হবে। সেখান থেকে সহায়তার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে তা জানা যাবে।





