ভোলায় নদীতে মাছ ধরতে নেমে ৩ জেলে আটক

ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাতে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাছ শিকার করতে নদীতে জাল ফেলানো অবস্থায় ৩ জেলেকে আটক করে মৎস্য প্রশাসন।
পরে রোববার (১১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল আটককৃতদেরকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন মো. ছলেমান (৪৯), মো. কবির (৩০) ও মো. শাহিন (২২)। আটক প্রত্যেক জেলে বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে বলে জানা গেছে।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন এশিয়া পোস্টকে বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২২ দিনে যে কেউ সরকারি আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে প্রশাসন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
