Advertisement

ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু
মৃত হাজতি শাহ আলম। ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা কারাগারের এক হাজতির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তিনি মারা যান।

Advertisement

মৃত শাহ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। জেলখানার হাসপাতালে তার চিকিৎসা চলছিল। রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ্ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।