Advertisement

মেঘনায় ভাসছিল দুই মরদেহ, নারীর হাত বাঁধা অবস্থায় উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
মেঘনায় ভাসছিল দুই মরদেহ, নারীর হাত বাঁধা অবস্থায় উদ্ধার
মেঘনা নদী থেকে অর্ধগলিত দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে নারী মরদেহটির হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

Advertisement

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর রমজানবেগ এলাকায় মেঘনা নদীর কচুরিপানার মধ্য থেকে প্রথমে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। ওই নারীর দুই হাত বাঁধা ছিল

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।

তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।