logo

‘আপনাদের লকডাউন সফল হয়েছে, ধন্যবাদ’, আ.লীগ নেতাকর্মীদের ওসি

‘আপনাদের লকডাউন সফল হয়েছে, ধন্যবাদ’, আ.লীগ নেতাকর্মীদের ওসি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

‘আপনাদের লকডাউন সফল হয়েছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা কর্মসূচি পালন করেছেন, কিন্তু কোনো সহিংস ঘটনা ঘটাননি’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে এমন বক্তব্য দিয়েছেন মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম। তার এই বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা। এতে মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও অবরোধকারীদের সরিয়ে দিতে তাৎক্ষণিক কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পরে সেখানে উপস্থিত হয়ে অবরোধকারীদের উদ্দেশে বক্তব্য দেন ওসি শেখ আমিনুল ইসলাম।

Advertisement

এ সময় ওসি বলেন, গতকাল রাত থেকে আপনারা যে লকডাউন কর্মসূচি পালন করেছেন, তাতে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটাননি। এ জন্য আমার পক্ষ থেকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা কেউ বলতে পারবেন না, আমরা আক্রমণাত্মক ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে হামলা করেছি কিংবা কাউকে হয়রানি করেছি। কেউ এমন অভিযোগ করতে পারলে তার জবাব দেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্যের প্রসঙ্গ টেনে ওসি আরও বলেন, আমাদের এখানকার এমপি বলেছেন, তিনি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত হয়েছেন। এখানে ১০ থেকে ১৫ শতাংশ অন্যান্য ভোটার, আর বাকি সবাই আওয়ামী লীগের। আপনারাই তাকে ভোট দিয়েছেন। সেই নেতা গত এক বছরে কখনো কাউকে ধরতে বা হয়রানি করতে বলেননি, এটা সত্য।

অবরোধকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ওসি বলেন, কারও মনে কোনো কষ্ট থাকলে সেগুলো ভুলে যান। রাষ্ট্রের সম্পদ এবং আপনাদের নিজেদের সম্পদ রক্ষার স্বার্থে শান্ত হোন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সফল হয়েছেন, আপনাদের যে কথা ছিল, সেটা হয়ে গেছে। দয়া করে শান্ত হবেন।

এ সময় ‘হাসান ভাই’ নামে এক ব্যক্তির কথায় অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি যানবাহনে থাকা যাত্রীদের নিজেদের আত্মীয়স্বজন হিসেবে বিবেচনা করার কথা উল্লেখ করে বলেন, অনেক মানুষ বরিশালসহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। তাদের চলাচলে বাধা সৃষ্টি না করার অনুরোধ জানান।

ওসির সঙ্গে থাকা আরেক পুলিশ সদস্যও অবরোধকারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের ওপর আমরা কোনো হামলা বা কিছু করছি না। আপনারাও কোনো ধ্বংসাত্মক কাজ করবেন না। রাষ্ট্রের জানমাল আপনাদেরই সম্পদ। এগুলো রক্ষা করা সবার দায়িত্ব।

মহাসড়কে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ওই পুলিশ সদস্য আরও বলেন, এই রাস্তা দিয়ে দূর-দূরান্তের মানুষ যাতায়াত করেন। অ্যাম্বুলেন্স এলে ছেড়ে দেবেন। এখানে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করবেন না। আমরা সরকারি চাকরি করি, একসময় চলে যাব কিন্তু সম্পদের ক্ষতি হলে সেই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে।