logo

রেলে নাশকতা ঠেকাতে রেলওয়ে পূর্বাঞ্চলে ২৫ নির্দেশনা

রেলে নাশকতা ঠেকাতে রেলওয়ে পূর্বাঞ্চলে ২৫ নির্দেশনা
রেলপথে ট্রেন। ছবি: বাসস

চট্টগ্রামসহ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা ও ট্রেনে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৫ দফা নিরাপত্তা নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। ট্রেন ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গত ২৬ নভেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম এ নির্দেশনা জারি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

জারি করা নির্দেশনায় রেললাইন, সেতু ও কালভার্টে বিশেষ পাহারা বসানো এবং রাতে টহল বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি লোকোশেড, ওয়ার্কশপ, ক্যারেজ, লোকোমোটিভ ও জ্বালানি সংরক্ষণাগারের নিরাপত্তা জোরদার, প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং প্রবেশকারীদের পরিচয় যাচাই করতে বলা হয়েছে। এ ছাড়া স্টেশন ও ইয়ার্ডে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিগন্যাল ও কেবিন কক্ষে অপরিচিতদের প্রবেশ বন্ধ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নির্দেশনায় আরও বলা হয়েছে, রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) যৌথ টহল বাড়াতে হবে। টিকিট কাউন্টার, লাগেজ কক্ষ ও অপেক্ষা কক্ষে সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর কড়া নজরদারি এবং নাশকতা বা ভাঙচুরের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে লোকোমোটিভ ও পাওয়ার কারে অবৈধ প্রবেশ বন্ধ এবং প্ল্যাটফর্ম ও ইয়ার্ডে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ট্রেনে সব ধরনের নাশকতা প্রতিরোধে রেলওয়ে সতর্ক ও সজাগ রয়েছে। বিনা টিকিটে যাত্রী চলাচল ও ট্রেনের ছাদে ওঠা বন্ধ করাসহ প্রতিটি স্টেশনে কড়া নজরদারি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের কাছেও চিঠি দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্বৃত্তরা কোনো ধরনের নাশকতা ঘটাতে পারবে না।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রাম বিভাগের সহকারী কমান্ড্যান্ট (সদর, অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আমান উল্লাহ আমান এশিয়া পোস্টকে বলেন, রেলপথ, স্টেশন ও ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে আরএনবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিয়মিত টহল বাড়ানো হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পাশাপাশি রেলসম্পদ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মূলত সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে রেলওয়ের বিভিন্ন স্থাপনা ও ট্রেনে ধারাবাহিক নাশকতার কারণেই কর্তৃপক্ষ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্যমতে, এ অঞ্চলে প্রতিদিন গড়ে ৫৮টি আন্তঃনগর, ৪৬টি মেইল ও কমিউটার এবং ৩২টি লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে, গত শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের কদমতলী এলাকায় দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রেনটি যাত্রীশূন্য থাকায় এবং রেলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় দুটি আসন সামান্য পুড়ে গেলেও বড় ক্ষতি এড়ানো গেছে। তার আগে গত রোববার রাত ৮টা ৫ মিনিটের দিকে বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের একটি বগিতে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। শিক্ষার্থীরা কেরোসিনের গন্ধ টের পেলে রেলকর্মী ও শিক্ষার্থীদের তৎপরতায় আগুন ছড়ানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রেলওয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনায় অন্তত আটটি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০ নভেম্বর রাত ১টার দিকে চট্টগ্রাম জংশন স্টেশনের মাস্টারের কক্ষের দরজায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং একই দিনে চট্টগ্রাম স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের কয়েকটি বগির হোসপাইপ কেটে দেওয়ায় ট্রেনটি প্রায় ২৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়। এ ছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বগির যন্ত্রাংশ কেটে ফেলা এবং রেললাইনের পাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো পক্ষ দায়ও স্বীকার করেনি। আরএনবি বা পুলিশ আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করলেও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে জনমনে সন্দেহ ও আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, রেলপথকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটানো হতে পারে।