নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জেলা-মহানগরী, থানা-উপজেলা, ইউনিয়নে ফ্যাসিবাদবিরোধী মিছিল ও গণসংযোগ, ৮ ডিসেম্বর সারা দেশের জেলা-মহানগরীতে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী মিছিল, ১২ ডিসেম্বর রাজধানীতে মতবিনিময় সভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী গণমিছিল।
দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবারও অশান্ত করার ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়েছে। টার্গেট করে শান্তিপ্রিয় মানুষকে হত্যার ষড়যন্ত্র ভারতের মাটিতে বসে করা হচ্ছে। আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা এ দেশে কাজ করছে। আগুন জ্বালিয়ে, ভাঙচুর করে জনগণের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে।
এসব নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না মন্তব্য করে আহমদ আবদুল কাদের বলেন, সরকারকে অবিলম্বে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তবে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের কারণে সেখানকার সাধারণ মানুষ যাতে কোনো সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিগত আট মাসে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে যদি সরকারপ্রধান আন্তরিক হতেন, তাহলে আজ এই সমস্যার সৃষ্টি হতো না। তারপরও আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে।
এতে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আব্দুল জলিল, প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাইখুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।



