নারীদের গোপন ছবি ধারণের অভিযোগে উত্তেজনা, হবিগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গোসলরত নারীদের ছবি গোপনে ফোনে ধারণের অভিযোগ কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে গোসলরত নারীদের ছবি গোপনে ফোনে ধারণের অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় নেতৃবৃন্দও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, গোসলরত নারীদের গোপন ছবি ফোনে ধারণের অভিযোগ কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


-53ff6e.jpg)